জানুয়ারিতে প্রথম অ্যাডা লাভলেস

১০ ডিসেম্বর, ২০১৯ ১৯:১৮  
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যোগে দেশের সকল টেক-নারীদেরকে এক প্ল্যাটফর্মে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ২ ও ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডা লাভলেস সেলিব্রেশন। কম্পিউটার প্রোগ্রামিং এর প্রবর্তক অ্যাডা লাভলেস এর জন্মদিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর কার্যালয়ে এ উদযাপনের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, দুই দিনব্যাপী আয়োজনে থাকবে সেমিনার, ওয়ার্কশপ, পলিসি ডায়ালগসহ বিভিন্ন আয়োজন যেখানে নারী শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি খাতে ক্যারিয়ার গঠনের নির্দেশনাসহ দক্ষতা উন্নয়নের হাতে কলমে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। এছাড়াও সদ্য স্নাতক সম্পন্ন করা নারীদের জন্য থাকবে জব ফেয়ার। দেশের স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোতে সিভি জমা দেয়ার সুযোগ থাকবে এখানে। যারা স্নাতক শেষে উচ্চতর শিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে ইচ্ছুক তাদের জন্য একই প্ল্যাটফর্মে রয়েছে তথ্য সম্বলিত নির্দেশনা। থাকবে প্রোগ্রামিং কন্টেস্ট, পোস্টার প্রতিযোগিতা। নব্য নারী উদ্যোক্তাদের মাঝে ১০ জন নারী নিজেদের ব্যবসায়িক উদ্যোগের পিচিং করার সুযোগ পাবেন। উদ্বোধন ঘোষণা করতে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন বিডব্লিউ আইটির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. লাফিফা জামাল ও দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচীর প্রধান এবং বিডিওএসএন এর সাধারন সম্পাদক মুনির হাসান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নারী শিক্ষার্থী প্রমুখ। ভিডিও বার্তার মাধ্যমে এই আয়োজনে দেশের সকল নারী শিক্ষার্থীদের অংশ নিতে আমন্ত্রন জানান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. নোভা আহমেদ।